মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে। একযোগে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমন্বিত হামলায় ইসরায়েলের ভূখণ্ডে অন্তত ১০০টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল, ঠিক সেই সময় লেবানন সীমান্ত থেকেও উত্তর ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন দফায় এসব রকেট ছোড়া হয়।
এই হামলার ফলে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় সতর্কতা জারি করা হয় এবং শহরজুড়ে সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনী জরুরি নির্দেশনা জারি করেছে। নাগরিকদের দ্রুত নিরাপদ বাঙ্কার ও আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য বলা হয়েছে, যাতে সম্ভাব্য প্রাণহানি এড়ানো যায়।
এই আকস্মিক ও সমন্বিত হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেকেই আশঙ্কা করছেন, এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে।
ঘটনার বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

0 Comments