রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না—এমন কারণ দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এক বিশেষ সভায় জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের ঘোষণা দেন। পরে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পদত্যাগকারীরা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তারা মনে করেন। এ কারণে তারা দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
জুরাছড়ি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, “গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা বলেন, “আজ থেকে আমি এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।”
এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে তিনি পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়, সেই কমিটির কাছেই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে হয়। তারা নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

0 Comments