Advertisement

Responsive Advertisement

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রথম ভাষণ শিগগিরই প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন

 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রথম ভাষণ প্রচার করা হবে। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
জানা গেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই নিহত হন তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ঘটনার পর দেশটির ৮৮ সদস্যের শিয়া মুসলিম ধর্মীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মুজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে।

তবে হামলার সময় মুজতবা খামেনিও আহত হয়েছিলেন বলে জানা গেছে। যদিও তার আঘাতের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

৮ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মুজতবা খামেনি হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার।

এদিকে নতুন নেতাকে নির্বাচনের পরপরই বিপ্লবপন্থি সমর্থকরা ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন। ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে তারা চারপাশ মুখরিত করে তোলেন এবং নতুন নেতার প্রতি সমর্থন জানান।

ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনীও তাদের নতুন কমান্ডার-ইন-চিফের প্রতি শেষ রক্তবিন্দু পর্যন্ত অনুগত থাকার শপথ নিয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে ইরান এক কঠিন ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় দেশের নেতৃত্ব গ্রহণ করায় মুজতবা খামেনির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

Post a Comment

0 Comments