Advertisement

Responsive Advertisement

জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’ করছে ইরান : যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্ট | RA TV News

ইরান সরকারবিরোধী চলমান বিক্ষোভ দমনে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের ব্যবহার করছে—এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষায়, এ ধরনের পদক্ষেপ ইরানি জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’র শামিল।

শনিবার (১০ জানুয়ারি) ফার্সি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তেহরান বিক্ষোভকারীদের দমাতে সন্ত্রাসী প্রক্সি বাহিনী মোতায়েন করেছে—এমন বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইরানি জনগণের অর্থ থেকেই বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে এসব গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ছবি : সংগৃহীত

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মন্তব্যও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। খামেনি দাবি করেছিলেন, বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতেই রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করছে। এর জবাবে যুক্তরাষ্ট্র জানায়, প্রকৃত বাস্তবতা হলো—ইরানের জনগণ ৪৭ বছরের মিথ্যা প্রতিশ্রুতি ও সরকারের ব্যর্থতা সম্পর্কে এখন পুরোপুরি সচেতন হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরান, লেবাননের হিজবুল্লাহ কিংবা ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। রিয়ালের ব্যাপক দরপতন, উচ্চ মূল্যস্ফীতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটই এই আন্দোলনের প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, চলমান বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

এ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার স্বীকার করে জনগণের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার নির্দেশ দিয়েছেন।

Post a Comment

0 Comments