Advertisement

Responsive Advertisement

জামালপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত

 জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তি হলেন মো. মাসুদ (৩০)। তিনি ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাই মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। তারা একই মায়ের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার রাতে সেই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করে।

রডের আঘাতে মাসুদের মাথার খুলি ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর হক জানান, বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments