বরিশালে মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে এক যুবককে শীতের রাতে পুকুরে নামিয়ে ২০ বার ডুব দেওয়ানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর রোড এলাকায় মোটরসাইকেল পার্ক করার পরপরই একের পর এক দামী হেলমেট চুরির অভিযোগ আসছিল। মঙ্গলবার রাতে ইউসুফ নামের ওই যুবক একটি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করার সময় স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়ে।
আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর না করে শাস্তিস্বরূপ বিবির পুকুরে নেমে কান ধরে ২০ বার ডুব দেওয়ার নির্দেশ দেয়। অভিযুক্ত যুবকও জনতার সিদ্ধান্ত মেনে নিয়ে পুকুরে নেমে নির্ধারিত ২০ বার ডুব দেন। শাস্তি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়রা এক ব্যতিক্রমী মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। শীতের রাতে ভেজা কাপড়ে কাঁপতে থাকা ওই যুবকের জন্য তারা ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট ও টি-শার্ট কিনে দেন।
অভিযুক্ত ইউসুফ বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। বর্তমানে তিনি নগরীর সাগরদি এলাকায় বসবাস করছেন বলেও জানান।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ এটিকে অপরাধ দমনে সামাজিক শাসনের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে শাস্তি দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।

0 Comments