গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটি তথাকথিত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এটিকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে দাবি করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।
শুক্রবার (৯ জানুয়ারি) এক অডিও বার্তায় গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর নকল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
হাসান আল মামুন বলেন,
“সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রেস রিলিজটি সম্পূর্ণ বানানো। আমার স্বাক্ষর অন্য কোনো নথি থেকে কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
তিনি এ ধরনের পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতা-কর্মী, গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারে জড়িত রয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে দলটির ভেতরে কিছুটা অসন্তোষ ও নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। সভাপতির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়ালেও, এসব পরিস্থিতির সুযোগ নিয়েই এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,
“পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এই জনসমর্থন দেখে একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

0 Comments