Advertisement

Responsive Advertisement

রাখাইনে ভয়াবহ সংঘর্ষ, মিয়ানমার সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণ—টেকনাফে শিশুসহ দুইজন আহত

 রাখাইনে তীব্র যুদ্ধ পরিস্থিতি, সীমান্তের ওপার থেকে গুলিতে বাংলাদেশে শিশুসহ আহত দুই

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে একটি শিশুসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মুস্তফা দাবি করেন, সকাল ১১টা থেকেই মিয়ানমারের ওপারে যুদ্ধ পরিস্থিতি চলছে। ভারী অস্ত্রের বিকট শব্দে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন।



প্রথমে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, শিশুটি এখনো জীবিত রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন আছে।

এদিকে মিয়ানমারে সামরিক জান্তার আয়োজনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালেই রাখাইনে গত তিন দিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে। রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সাথেও আরাকান আর্মির সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

Post a Comment

0 Comments