রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ও পারিবারিক নীতিবিচ্যুতির অভিযোগে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর মো. জাহিদুর রহমান ছোটনকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা মীর আব্দুল খালেক।
জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) নেত্রকোনা আদালতের মাধ্যমে নোটারি পাবলিক করে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরদিন বুধবার ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান ছোটন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোটারির কপি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন।
নোটারিতে যা উল্লেখ করা হয়েছে
নোটারিতে মীর আব্দুল খালেক উল্লেখ করেন, তাদের পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থক। কিন্তু তার ছোট ছেলে জাহিদুর রহমান ছোটন কৈশোর থেকেই পারিবারিক মতাদর্শের বাইরে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন।
রাজনৈতিক মতপার্থক্যের পাশাপাশি পারিবারিক নানা বিষয় ও মৌলিক চাহিদা নিয়ে বিভিন্ন সময় বিরোধের কারণে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে তিক্ত সম্পর্ক তৈরি হয় বলেও নোটারিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ছোটন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে নিজের মত অনুযায়ী চলার অধিকার রাখেন। তবে তার কোনো কাজ বা কর্মকাণ্ডের দায়ভার পরিবার বহন করবে না। এই প্রেক্ষাপটে তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাত্রলীগের অনেক নেতা-কর্মী ও তার রাজনৈতিক সহকর্মীরা ছোটনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের কথাও জানিয়েছেন অনেকে।
ছোটনের আবেগঘন স্ট্যাটাস
নিজের ফেসবুক স্ট্যাটাসে জাহিদুর রহমান ছোটন লিখেছেন, পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া এসব ঘটনা তিনি এতদিন গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে।
তিনি জানান, বর্তমানে মানসিকভাবে ক্লান্ত থাকলেও ছাত্রলীগের রাজনীতির প্রতি নিজের অবিচল নিষ্ঠা অটুট রয়েছে। বিদ্রোহী কবির একটি কবিতার পঙক্তি উদ্ধৃত করে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি রাজপথ ছাড়বেন না।
RA TV News | RA TV Blogspot

0 Comments