Advertisement

Responsive Advertisement

🚨 ব্রেকিং: গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, আশরাফুল আলম শিমুল একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই প্রার্থীকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত করছে।

শিমুলের আটকের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে নির্বাচনী সময়ে একজন প্রার্থীর এভাবে আটক হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমুল মনোনয়নপত্র জমা দিলেও গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান তার মনোনয়ন বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন বাতিল ও আটকের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

প্রসঙ্গত, আশরাফুল আলম শিমুলের বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই রাজনৈতিক উত্তরাধিকার ও ব্যক্তিগত প্রভাবকে পুঁজি করে আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচনের আগে এই আটক ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Post a Comment

0 Comments