Advertisement

Responsive Advertisement

গণঅভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য: মাহাদী হাসানকে জামিন

 গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।

আদালতে প্রেরণ ও অভিযোগ

এর আগে সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মাহাদী হাসানকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আদালতে হাজির করে।
তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে মাহাদীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

মাহাদী হাসানের মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটক ও রাতভর বিক্ষোভ

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহাদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন

শোকজ নোটিশের বিষয়টি

উল্লেখ্য, শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় আটক হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে মাহাদী হাসান উত্তেজিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংগঠনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই শোকজ চিঠি শনিবার দুপুরে মাহাদী হাসানের কাছে পাঠানো হয় এবং সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।


Post a Comment

0 Comments